শিক্ষাপ্রতিষ্ঠানে ওমিক্রনের সংক্রমণ বাড়ার কারণে সশরীরে ক্লাস না নেওয়া গেলে অনলাইনে চালু রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) ডিসি সম্মেলন শেষে সাংবাদিকদের এমন কথা জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সে কারণে এখনই শিক্ষার্থীদের সশরীরে পাঠদান বন্ধ রাখা হচ্ছে না।
দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ওমিক্রনের সংক্রমণ বাড়ার কারণে সশরীরে ক্লাস না নেওয়া গেলে বন্ধ করে দেওয়া হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইন ক্লাস করবে। তার সঙ্গে নিয়মিত অ্যাসাইনমেন্ট কাজ দেওয়া হবে। এর আগ পর্যন্ত সশরীরে পাঠদান বন্ধ করে দেওয়ার কোনো চিন্তা-ভাবনা করা হচ্ছে না।
তিনি বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওমিক্রনে আক্রান্ত হলেও বর্তমানে আইসোলেশনে রয়েছে তারা। কেউই গুরুতর অসুস্থ হয়নি বলে আমরা খোঁজ-খবর নিয়েছি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে আমরা বৈঠক করেছি। বিষয়টি নিশ্চিত করেছেন তারা।
সোমবার পর্যন্ত ১২-১৭ বছর বয়সী ৮৫ লাখ শিক্ষার্থী করোনার প্রথম ডোজ টিকা নিয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সোমবার পর্যন্ত ৮৫ লাখ শিক্ষার্থী ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়েছে। আমরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মনিটরিং করছি। সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী দু-একদিনের মধ্যে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সঙ্গে বৈঠক করা হবে। সূত্র: জাগোনিউজ
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা voiceofhello@gmail.com]
Comments are closed.